← হোমে ফিরে যান
world

বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত

📅 ২২ আগস্ট, ২০২৬ ১৩:০০ | আপডেট: ২২ আগস্ট, ২০২৬ ১৩:০৩ 👁 17 ভিউ
বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর ভিসা স্থগিতাদেশ বাতিল করলেন মার্কিন আদালত
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিত নীতিটি বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটান জেলা জজ আদালতের বিচারক জ্যানেট ভার্গাস। শুক্রবার এ সংক্রান্ত একটি মামলার রায়ে তিনি উল্লেখ করেন যে, নির্দিষ্ট কোনো জাতির ভিত্তিতে ভিসা প্রক্রিয়া স্থগিত রাখা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনগত এখতিয়ারের বাইরে এবং এটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিধিবদ্ধ ক্ষমতার স্পষ্ট লঙ্ঘন।

রায়ের লিখিত অনুলিপিতে বিচারক জ্যানেট ভার্গাস বলেন, “আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ভিসা প্রক্রিয়াকরণ চালু রাখা বা স্থগিত করার যে নীতি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ভিসানীতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিবদ্ধ এক্তিয়ারের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।” এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত আইনি বাধার মুখে পড়ল।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৩ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়া, মিশর, সিরিয়াসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা, গ্রিনকার্ড এবং নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছিল। ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, এই দেশগুলোর অভিবাসীদের মধ্যে সরকারি সুবিধা গ্রহণের হার অত্যন্ত বেশি, যা যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।




ট্রাম্প প্রশাসনের এই নীতিকে চ্যালেঞ্জ করে ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক’ এবং ‘আফ্রিকান কমিউনিটিজ টুগেদার’ নামে দুটি মানবাধিকার সংস্থা ম্যানহাটান আদালতে মামলা দায়ের করে। শুক্রবার আদালত সেই মামলার চূড়ান্ত রায়ে স্থগিতাদেশটিকে অবৈধ ঘোষণা করে।

এর আগে গত ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া জেলা জজ আদালতের বিচারক অমিত মেহতাও একই ধরনের এক রায়ে ৭৫ দেশের নাগরিকদের গ্রিনকার্ড আবেদন পর্যালোচনায় স্থগিতাদেশ দেওয়াকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, আদালতের এই রায়ের ফলে ভিসা প্রার্থীদের দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হওয়ার পথ উন্মুক্ত হলো। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট অভিবাসী সংগঠনগুলো।

এই খবর শেয়ার করুন